কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীর হোটেল-কটেজ জোনসংলগ্ন সৈকতপাড়ার একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি বাড়ি পুড়ে গেছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে স্থানীয় সৈকতপাড়া সড়কের পূর্বপাশে একটি আবাসিক হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়।
আকস্মিক এই অগ্নিকাণ্ডে আশপাশের আবাসিক হোটেল ও বসতবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তারা হোটেল ও ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
এদিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর মধ্যেই চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোটেল-মোটেলের পাশের একটি বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত চারটি বসতবাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তার মতে, খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুনের খবর ছড়িয়ে পড়ার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতবাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে সড়কে অবস্থান নেন।
উল্লেখ্য, কক্সবাজার জেলার পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভসংলগ্ন উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার ছয় দিন পর ২৩ অক্টোবর কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসেও আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-f6ce5e-720x405.webp)