সৌদি আরবের পবিত্র নগরী মদিনা শরীফে অগ্নিকাণ্ডে মো. ইলিয়াস নামে সাতকানিয়ার এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহত মো. ইলিয়াস চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। পরিবারের স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে প্রবাসে কাজ করলেও সেখানেই মর্মান্তিক অগ্নিকাণ্ডে তার জীবন থেমে গেল।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মদিনার মাজারায় (খামার) কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় প্রবাসীদের থাকার একটি ঝুপড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে সেখানে থাকা ৮ থেকে ১০ জন দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে মো. ইলিয়াস কোনোভাবে ঝুপড়ির ভেতরে আটকা পড়ে যান।
চোখের পলকে আগুন পুরো ঝুপড়িতে ছড়িয়ে পড়ায় তিনি আর বের হতে পারেননি। আগুনে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সহকর্মীদের চোখের সামনে এমন করুণ পরিণতির ঘটনায় পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহত ইলিয়াসের বন্ধু আলমগীর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

