চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির ঘটনার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। অন্যথায় নিরাপত্তাহীনতার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত বা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আইএসপিএবির চট্টগ্রাম বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইএসপিএবির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত সোমবার দুপুরে একদল সন্ত্রাসী চট্টগ্রামের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডটনেট’-এর কার্যালয়ে ঢুকে চাঁদার দাবিতে হামলা চালায়। দাবিকৃত প্রায় দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় তারা অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় শুধু ডিজিটাল ডটনেটের কর্মকর্তা-কর্মচারীরাই নন, ইন্টারনেট সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেক উদ্যোক্তা ও কর্মী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরনের হামলা অব্যাহত থাকলে ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রমও ঝুঁকির মুখে পড়বে।
আইএসপিএবির পক্ষ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় নিরাপত্তাহীনতার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংবাদ সম্মেলনে সতর্ক করে সংগঠনটি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

