বাঁশবাড়িয়া সৈকতে নেমে স্রোতের টানে প্রাণ গেল পর্যটকের

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

বাঁশবাড়িয়া সৈকতে নেমে স্রোতের টানে প্রাণ গেল পর্যটকের
ছবি: আমার দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে নেমে তীব্র স্রোতে ভেসে গিয়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম মেহেরাজ হোসেন (১৯) তিনি চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাই-লেনের বাসিন্দা মোশারফ আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরাজ তার এক বন্ধুসহ বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে যান। একপর্যায়ে তারা সমুদ্রে নামলে হঠাৎ তীব্র স্রোতের টানে দুজনই ভেসে যান। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তার বন্ধুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মেহেরাজ স্রোতে হারিয়ে যান।

পরে স্থানীয়দের সহায়তায় মেহেরাজকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন আমার দেশকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশবাড়িয়া সৈকত থেকে এক পর্যটককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

সীতাকুণ্ড থানার এসআই ইদ্রিস জানান, সমুদ্রের স্রোতে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া সৈকতে হঠাৎ করেই স্রোতের তীব্রতা বেড়ে যায়, বিশেষ করে জোয়ারের সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। পর্যাপ্ত সতর্কবার্তা, লাইফগার্ড ও নিরাপত্তাব্যবস্থার অভাবে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।

উল্লেখ্য, এর আগেও এই সৈকতে একাধিক পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব দুর্ঘটনায় উদ্বেগ বাড়লেও কার্যকর নিরাপত্তাব্যবস্থা এখনো গড়ে ওঠেনি বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, দ্রুত লাইফগার্ড নিয়োগ, বিপৎসংকেত স্থাপন এবং পর্যটকদের সচেতন করতে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...