কক্সবাজার সৈকতে প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে পর্যটকের মৃত্যু
মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় ফরিদ আহমদের প্যারাসেইলিং পরিচালনা প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় ফরিদ আহমদের প্যারাসেইলিং পরিচালনা প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের সৈকতকর্মী মাহবুব আলম।

তিনি জানান, খুলনা থেকে আসা নয় সদস্যের একটি পর্যটক দল কক্সবাজার ভ্রমণে এসে কলাতলীর ওশান ভিউ প্যারাডাইস হোটেলে অবস্থান করছিল। শনিবার দুপুরে দরিয়ানগরে প্যারাসেইলিং করার সময় রশি ছিঁড়ে শৌভিক রয় সাগরের পানিতে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পর্যটন শাখার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত সোমবার থেকে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। অন্যান্য প্রতিষ্ঠান নির্দেশনা মেনে কার্যক্রম বন্ধ রাখলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রশাসনের নির্দেশনা অমান্য করে প্যারাসেইলিং চালু রেখেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, নিহত পর্যটকের পরিবারের সদস্যদের বিমানযোগে দ্রুত কক্সবাজারে আনা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রের দাবি, দরিয়ানগরের ওই প্যারাসেইলিং পরিচালনা প্রতিষ্ঠানে গত দুই বছরে অন্তত ১০ জন পর্যটক বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, পরিচালনাকারীদের অনেকেই পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত নন এবং প্রশাসনের নিরাপত্তা নির্দেশনা ও শর্ত যথাযথভাবে মানা হয় না।

২০২৪ সালের জানুয়ারিতেও একই ধরনের দুর্ঘটনায় কয়েকজন পর্যটক আহত হন। এরপর নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসন সাময়িকভাবে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। তবে প্রায় এক মাস পর তা আবার চালু হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন