চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের কুখ্যাত সন্ত্রাসী মাদক সম্রাট ও আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ইয়াকুব আলী (৩৭) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ডাকাতি, মাদক ও মারামারিসহ মোট ৮টি মামলা রয়েছে। সে সোনাইছড়ি ইউনিয়নের ৫ নাম্বর ওয়ার্ডের জহুরুল হকের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাইছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ৫ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী একজন কুখ্যাত সন্ত্রাসী ও আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ইয়াবাসহ মাদক ব্যবসা এবং মারামারির ঘটনায় মোট ৮টি মামলা রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও সে চট্টগ্রাম শহরে আত্মগোপনে থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
আওয়ামী সরকারের আমলে যুবলীগের এই কুখ্যাত সন্ত্রাসীর নেতৃত্বে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এই সন্ত্রাসীর নেতৃত্বে চাঁদাবাজি ও আবুল খায়ের স্টিল কারখানাসহ বিভিন্ন কারখানার মালামাল লুট করা হয়েছিল। এলাকায় ইয়াবাসহ মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল সে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই পরিমল আমার দেশকে বলেন, সন্ত্রাসী ইয়াকুব আলী আন্তজেলা রোড ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। আবুল খায়ের গ্রুপের ২০ লক্ষ টাকার স্ক্রাববোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় সে এজাহারভুক্ত আসামি।
ইয়াকুব আলী এখনো সোনাইছড়ি ইউনিয়নের ৫ নাম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

