কুমিল্লার তিতাস উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুই উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে টেটা যুদ্ধ লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ৪০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টা তিতাস উপজেলা নতুন ভাটেরারচর ও মেঘনা উপজেলার আলীপুর গ্রামের মধ্যে চর দখল নিয়ে টেটা যুদ্ধের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস ও মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিতাস উপজেলায় আহতদের মধ্যে সুলতান মিয়া(৫৫), নাছির উদ্দিন (৫২) ও মো.কবির মিয়া(৪৫) অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়াও আরো ১৫ জন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায় নাই। অপরদিকে মেঘনা উপজেলায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামবাসী জানায়, প্রায় ২০ বছর পূর্বে গ্রামের পশ্চিম পাশের একটি চর নিয়ে দুই উপজেলার মধ্যে মামলা চলমান।
পরে আদালতের রায় এবং জেলা প্রশাসনের বন্দোবস্তের ভিত্তিতে নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দারা ওই জমিতে চাষাবাদ করে আসছেন। সোমবার সকালে চরবিনোদপুর গ্রামের সেলেম ও ছেনুর নেতৃত্বে আলীপুরসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন ট্রলারে করে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নারী, পুরুষ ও শিশুরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে।

এসময় তিতাসের নতুন ভাটেরারচর গ্রামের আশর আলীর দোকান, শাহ আলম, আলী আহম্মেদ, শফিক মিয়া, নুর মোহাম্মদ, গরীব হোসেনের ঘর ভাঙচুর করে লুটপাট করা হয়।
খবর পেয়ে তিতাস থানা পুলিশ ও মেঘনা থানা পুলিশ যৌথ প্রচেষ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাটেরারচর গ্রামের সাবেক ইউপি সদস্য শুক্কুর ভূইয়া বলেন, চর নিয়ে দুই উপজেলার মধ্যে মামলা ছিল। মেঘনা উপজেলার আলীপুর গ্রামের লোকজন নদী পার হয়ে আমাদের গ্রামে এসে লুটপাট ভাঙচুর করেছে।
মেঘনা উপজেলার মো. সেলেম ও মো. ছেনুর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তিতাস থানার সেকেন্ড অফিসার (এস আই) মাহমুদুল বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি।
মেঘনা থানার সেকেন্ড অফিসার (এস আই) আক্তারুজ্জামান বলেন, তিতাস থানা পুলিশ ও আমরা যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে মেঘনার লোকজন নিয়ে আসি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

