চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে লাল কার্ড প্রদর্শন করেছেন।
শনিবার দুপুর থেকে লাল কার্ড হাতে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন। তাদের পৃথক দুটি সংগঠনের পক্ষ থেকে পূর্ণ কর্মবিরতি পালন করা হচ্ছে।

চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, ‘সায়েম স্যার শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েছিলেন। অথচ নতুন উপাচার্য আমাদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন বলে আখ্যায়িত করেছেন। তার এই বক্তব্য ও অনলাইনে যোগদানকে আমরা প্রত্যাখ্যান করছি।’
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন সুজন বলেন, ‘নতুন উপাচার্যের যোগদানের প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেছেন। শিক্ষার্থীরাও কোনোভাবেই অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে নেবেন না।’
এর আগে গত বৃহস্পতিবার অনলাইনে রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র দেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এ খবর ছড়িয়ে পড়ার পর আন্দোলনে নতুন গতি আসে। শুক্রবার রাত থেকেই শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে চুয়েট শিক্ষক ও কর্মচারী সমিতিও কর্মবিরতি ঘোষণা করে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তিনি বলেন, ‘আমি শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের একাংশ আমাকে স্বাগত জানাতে প্রস্তুত আছে। পরিস্থিতি শান্ত হলে দ্রুত ক্যাম্পাসে প্রবেশ করে কাজ শুরু করতে চাই।’
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রধান অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই সাবেক উপাচার্যকে বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করেন চুয়েটের শিক্ষার্থীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেন তারা। এ সময় ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও আন্দোলনকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

