হুমকির মুখে ফরিদগঞ্জের ধানুয়া-গাজীপুর সেতুর সংযোগ সড়ক, দুর্ঘটনার শঙ্কা

হুমকির মুখে ফরিদগঞ্জের ধানুয়া-গাজীপুর সেতুর সংযোগ সড়ক, দুর্ঘটনার শঙ্কা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর ওপর নির্মিত ধানুয়া-গাজীপুর সেতুর সংযোগ সড়কে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। সেতুর গাজীপুর অংশের সংযোগ সড়কের নিচের বালি সরে গিয়ে ধস সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঈদ সামনে রেখে কোরবানির পশুবাহী গাড়ির বাড়তি চাপে এই ভাঙন বেড়ে সেতু থেকে সড়ক আলাদা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে কর্তৃপক্ষ জরুরি কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এদিকে উপজেলা প্রকৌশলী দ্রুত ভাঙন স্থান মেরামতের আশ্বাস দিয়েছেন।

জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর ওপর ৬ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৯৯ মিটার লম্বা সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০১৯ সালের শেষের দিকে সেতুর কাজ শেষ হয়।

ডাকাতিয়া নদীর দুই পাড়ের মনোমুগ্ধকর দৃশ্য ও সেতুর নির্মাণশৈলীর কারণে এটি ধানুয়ার নিকলি হাওর নামে পরিচিতি পায়। প্রতিদিন বিকালে হাজারো স্থানীয় পর্যটক এখানে আসেন আনন্দময় সময় কাটাতে।

ঈদসহ বিভিন্ন বড় ছুটিতে শহর থেকে গ্রামে আসা স্থানীয়রাও এখানে আসতে ভুল করেন না।

রক্ষণাবেক্ষণের অভাবে এবং অপরিকল্পিত মৎস্য চাষ ও অবৈধ ড্রেজিংয়ের কারণে সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কের ধানুয়া অংশে ভাঙন দেখা দেয়। তখন কর্তৃপক্ষ দ্রুত এটি মেরামত করে। কিন্তু এ বছর সেতুর গাজীপুর অংশে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী খোরশেদ আলম, গাড়িচালক মফিজুল ইসলাম, শিক্ষার্থী আল আমিনসহ অনেকেই জানান, সড়কে ভাঙনের কারণে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দিন দিন ভাঙনের পরিধি বাড়ছে। দ্রুত সংস্কার করা না হলে সেতু থেকে সড়ক আলাদা হয়ে যাবে। এতে ডাকাতিয়া নদীর দুই পাড়ের বাসিন্দা ছাড়াও যানবাহন চলাচল ব্যাহত হবে এবং এই অঞ্চলের লাখো মানুষ চরম দুর্ভোগে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সেতুর দুই পাশে অপরিকল্পিত মৎস্য চাষ ও অবৈধ ড্রেজিংয়ে কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, ধানুয়া-গাজীপুর সেতুর পূর্ব তথা গাজীপুর অংশের সংযোগ সড়কে ধসের কথা জেনেছি। আমরা দ্রুত ব্যবস্থা নেবো। আগেও ভাঙন দেখা দিয়েছিল। আমরা দ্রুত মেরামত করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন