বিএনপি'র কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, নির্বাচন এলেই একটি গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। বিশেষ করে গ্রামগঞ্জের সরলমনা নারীদের তালিমের নামে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে ধোঁকা দেওয়া হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের গাজীর বাজারে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘আরবি শিক্ষার জন্য মক্তব ও মাদ্রাসা রয়েছে, ঘরে ঘরে গিয়ে তালিমের নামে আয়াত বিকৃত করার কোনো প্রয়োজন নেই। যারা এসব করছে তারা মূলত সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমি মা-বোনদের বলবো, আপনারা এসব ধোঁকাবাজি সম্পর্কে সতর্ক থাকুন।’
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই জয় তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জয়। আর তিনি প্রধানমন্ত্রী হলে জনগণের উন্নয়নে নেওয়া সকল পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগম সহ অন্যান্যরা। সভা শেষে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

