চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের মনিপুর মধ্যচরে পুকুরে ডুবে দুটি শিশুর প্রাণহানি ঘটেছে। মারা যাওয়া ওই দুই শিশুর নাম খাদিজা (৬) ও তানজিলা (৪)। এর মধ্যে খাদিজা স্থানীয় আজিজ ব্যাপারীর মেয়ে। তানজিলা একই গ্রামের তাজল দর্জির মেয়ে।
শুক্রবার দুপুরে ৪নং মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে ওই দুই শিশু গোসল করতে আসে। অনেক সময় পরেও তারা বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে জাল ফেলে রাত আটটায় তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আ. হাই দর্জি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুরা একসঙ্গে খেলছিল। পরে তারা পুকুরে গোসল করতে নামে। তাদের খুঁজে না পাওয়ায় পুকুর পাড়ে কাপড় দেখে সন্দেহ হয়। একপর্যায়ে পুকুরে জাল ফেলে লাশ উদ্ধার করা হয়। তানজিলা তার ছোট ভাইয়ের মেয়ে। এ ঘটনায় পরিবার গভীরভাবে শোকাহত।
গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ জানান, তিনি খবরটি শুনেছেন। শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবারের পক্ষ থেকে কারো ওপর কোনো অভিযোগ নেই। পরিবারের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

