উচ্ছ্বসিত নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লা ও চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি

কুমিল্লা প্রতিনিধি

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লা ও চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে পুরো কুমিল্লাজুড়ে বইছে উৎসবের আমেজ। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে সাজসজ্জা, নিরাপত্তা ও পথসভা সফল করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

১৬ মে শনিবার চাঁদপুর জেলা সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে এক পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন বেলা ১১টায় তিনি লক্ষ্মীপুর বাজার মাঠে যাত্রাবিরতি করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে পথসভার ভেন্যু পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে মহাসড়কের বিভাজক, ও আশপাশের অংশ।

তারেক রহমানের আগমনে পুরো কুমিল্লাজুরে নেতাকর্মীদের প্রস্তুতি যেন এক মহা উৎসবে পরিণত হয়েছে। দাউদকান্দি থেকে চাঁদপুর অংশ পর্যন্ত সকল নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন শুভেচ্ছা জানাতে।

ইলিয়টগঞ্জ রাস্তায় তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করতে প্রস্তুত ধর্ম-মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা। নিমসার বাজারের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে হাজী জসিম উদ্দিন এমপির সমর্থকদের। তারেক রহমানকে এখানেই তারা শুভেচ্ছা জানাবেন।

এদিকে সভাস্থলকে নিরাপত্তা দিতে তৎপর আছে আইন শৃঙ্খলা বাহিনীর সবকটি ইউনিট। মাঠে আছে বড়ুরা উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির সকল কর্মীরা। ছাত্রদলের পক্ষ থেকে থাকবে আলাদা ভলান্টিয়ার।

এ বিষয়ে বরুরা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত বলেন, তারেক রহমানের এই আগমন কুমিল্লার স্মরণকালের এক ইতিহাস হয়ে থাকবে। আমরা ছাত্রদল নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসা, পানি সকল বিষয়ে সহযোগিতা করব। ছাত্রদলের প্রতিটা সদস্য ভলান্টিয়ার হিসেবে কাজ করবে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি একাধিকবার সফরস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার কর্মকর্তারা বরুড়ায় অবস্থান করছেন। পাশাপাশি রাস্তাঘাট সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত এগিয়ে চলছে।

এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কুমিল্লা সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজক কমিটি অত্যন্ত সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন