নোয়াখালীতে আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৬

নোয়াখালীতে আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে একই বাজারের আরেকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পৃথক দুই অভিযানে মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভা এলাকার চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারদের মধ্যে চারজন পুরুষ ও আটজন নারী রয়েছেন। তারা হলেন—চাটখিলের তালতলা গ্রামের আবু নাছের শরীফ (৬৩), চট্টগ্রামের মিরসরাই এলাকার মো. ইমন হোসেন (৩২), চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার মো. হানিফ (৩৫), ৬ নম্বর ওয়ার্ডের সাফায়েত হোসেন সাকিব (২৭), বরিশালের বড় জালিয়া গ্রামের রিনা বেগম (৩৪), সুনামগঞ্জের লালপুর গ্রামের স্নেহা আক্তার (২১), ঢাকার যাত্রাবাড়ীর মাইশা আক্তার (১৮), সুধারাম থানার সল্যা-সোনাপুর এলাকার ইসরাত জাহান পূর্ণিমা (১৮), নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফাতেমা আক্তার নুসরাত (১৮), একই ওয়ার্ডের জান্নাতুল ফেরদৌস মারিয়া (১৮), বেগমগঞ্জের হাজীপুর গ্রামের মরিয়ম আক্তার (৩০) এবং নওগাঁর বদলগাছি গ্রামের মিম আক্তার (২৮)।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত ২৫ জুন চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজে অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে সাতজন নারী ও সাতজন পুরুষ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। এসব অভিযোগের ভিত্তিতে ওইদিন দুপুরে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে সাত নারী ও সাত পুরুষকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন যৌনকর্মী ও তাদের খদ্দের ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়া অবৈধ সম্পর্কের সূত্রে কয়েকজন নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেন।

অভিযানের পর আটক ব্যক্তিদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

চৌমুহনী বাজারের একাধিক আবাসিক হোটেলকে ঘিরে এমন অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা আবাসিক হোটেলগুলোতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, কোনো আবাসিক হোটেলে অনৈতিক বা আইনবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন