লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ২৪ ড্রাম অবৈধ ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ২৪ ড্রাম অবৈধ ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিশেষ অভিযানে ২৪ ড্রাম অবৈধ জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মজুদ রেখে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার চর গাজী ইউনিয়নের ব্রীজঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৪ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম শাকিল। তিনি বড়খেরী এলাকার আর্মী গিয়াস উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় রামগতি থানায় পুলিশ বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩/১৬ ধারায় একটি মামলা দায়ের করেছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ ডিজেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন