পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারকে সময় দিতে হবে এবং দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। এখনই আন্দোলন-মিছিলের প্রয়োজন নেই।
শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভেদ্য’র আয়োজনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক কর্মসংস্থান ও শ্রবণপ্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, আমরা জনগণের সঙ্গে থাকার এবং জনগণের জন্য কাজ করার কথা বলেছি। কাজ শুরু করে দিয়েছি। বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। সময় দিতে হবে, সুযোগও দিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও মানবিক-সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের স্বার্থে তার নেতৃত্বে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ‘অভেদ্য’র সভাপতি তানজীমুজ্জামান তিষানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, সনাক লক্ষ্মীপুরের সাবেক সভাপতি প্রফেসর জেডএম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম, জেলা ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

