কুমিল্লায় ইয়াবাসহ আটক সেই ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কুমিল্লায় ইয়াবাসহ আটক সেই ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
ছবি: আমার দেশ

কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক হওয়া বুড়িচং উপজেলার খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ মারুফকে আজীবন বহিষ্কার করেছে ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার রাতে আমার দেশ অনলাইনে সংবাদটি প্রকাশের পর সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায় ।

শুক্রবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেলের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাজ্জাদ মারুফকে ছাত্রদলের পদ থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকেও আজীবন বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় টহলরত পুলিশ সাজ্জাদ মারুফসহ তিনজনকে আটক করে। পুলিশ জানায়, এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী আমার দেশকে বলেন, “সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হলে সে যেই হোক, তাকে দলে কোনোভাবেই জায়গা দেওয়া হবে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাজ্জাদ মারুফকে বহিষ্কার করা হয়েছে।”

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন