কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে ইয়াসিন আরাফাত (২০) নামের স্থানীয় এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ওই যুবক শখ করে সমুদ্রে গোসলে নেমেছিলেন।

বিজ্ঞাপন

নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের পেশকার পাড়ার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে ইয়াসিন আরাফাত ও তার স্থানীয় কয়েকজন বন্ধু সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে তীব্র ঢেউয়ের টানে ইয়াসিন ভেসে যান। ওই সময় তার বন্ধুদের চিৎকার শুনে ঘটনাস্থলে থাকা লাইফগার্ড কর্মীরা দ্রুত তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।

তিনি জানান, উদ্ধারের পর ইয়াসিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত যুবকের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে গেলো ২৪ জুলাই কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে হেলাল উদ্দিন নামে খুলনার এক পর্যটক সাগরে ভেসে যান। ঘটনার ১৫ দিন পার হলেও তার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন