৪৮ ঘণ্টার আল্টিমেটাম

পটিয়ায় তোহা খুনে জড়িতদের গ্রেপ্তারে মানববন্ধন

পটিয়ায় তোহা খুনে জড়িতদের গ্রেপ্তারে মানববন্ধন
ছবি: আমার দেশ

চট্টগ্রামের পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা (৪৮) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার বেলা ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার পাচুরিয়া এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে তোহার পরিবার ও এলাকাবাসী এ আল্টিমেটাম দেন। মানববন্ধনে হাবিলাস দ্বীপ ইউনিয়নের শতাধিক মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধ ও কলা চুরির প্রতিবাদ করাকে কেন্দ্র করে গত ৩১ জুলাই রাতে উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের মোনাফ হাজির পাড়া নতুনবাড়ি এলাকায় মোহাম্মদ তোহাকে মারধর করা হয়। পরে তিনি মারা যান। নিহত তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।

তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় মোহাম্মদ আনোয়ার (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন নিহত মোহাম্মদ তোহার মেয়ে মোছাম্মৎ মারওয়া, বোন রোকেয়া বেগম ও সাতারা বেগম, ভাগিনা শওকত বাবু। এলাকাবাসীর পক্ষে ওমর ফারুক, মোহাম্মদ ফোরকানসহ অন্যরা।

মানববন্ধনে তোহার মেয়ে মোছাম্মৎ মারওয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তার বাবার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বিচার না হলে হত্যাকারীরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটাতে পারে। তাই তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এলাকাবাসী বলেন, তোহা হত্যাকাণ্ডে জড়িতরা এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় তারা তোহাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেন তারা। তারা আরও বলেন, হত্যাকাণ্ডের পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়নি। প্রশাসনের এই নীরবতা তাদের উদ্বিগ্ন করে তুলেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করা না হলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন