হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে জাটকা বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা শিকার করা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বেলি গুচ্ছগ্রাম এলাকায় উপজেলা মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড এবং উপজেলা বিএনপির যৌথ অংশগ্রহণে এই অভিযান পরিচালিত হয়।

​উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক-এর নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বেলি গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে জাটকা আহরণকৃত নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালগুলো পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

​অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশ কোস্ট গার্ড (নয়নী আউটপোস্ট) পেটি অফিসার ​নাছির উদ্দিন, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ​প্রভাষক হারুনুর রশিদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ​সরদার আবু তাহের, সাবেক উপজেলা ছাত্রদল নেতা মহসিন সর্দার, উপজেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম গাজী।

এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রশাসনের সদস্যরা অভিযানে সক্রিয় সহযোগিতা করেন।

​অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, জাটকা রক্ষায় সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় ইলিশের পোনা বা জাটকা নিধন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় সম্পদ রক্ষায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে তারা বদ্ধপরিকর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন