ছাগলনাইয়ায় পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

উপজেলা প্রতিনিধি, ছাগলনাইয়া (ফেনী)

ছাগলনাইয়ায় পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
ছবি: আমার দেশ

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফেনীর একটি রেইডিং টিম উপজেলার ঘোপাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে ঢাকা অভিমুখী দুমঘাট ব্রিজের উত্তর পাশের ফুটপাতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ লিটার চোলাই মদসহ মো. সাব্বির আহমেদ সবুজ (৩২)-কে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের হারাইকান্দি গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

এ ঘটনায় ডিএনসি ফেনীর উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

এর আগে রোববার গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানা পুলিশ উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নুরুল আমিন সিদ্দিকী (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটক নুরুল আমিন সিদ্দিকীর বাড়ি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মেহেদীনগর গ্রামে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘোপাল তদন্ত কেন্দ্র ও ছাগলনাইয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন