কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় ‘জান্নাত হোটেল’-এ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো পৌর এলাকার নবগ্রামের আবদুল কাদের, লক্ষ্মীপুরের মো. আরিফ, নোয়াপাড়ার সিয়াম হোসেন শান্ত ও খুলনার সোনাডাঙ্গার মেহেদী হাওলাদার মঈন। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম সোমবার রাতে মহাসড়কের নবগ্রাম এলাকায় ‘জান্নাত হোটেল’-এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা ও ১৩ পিস ইয়াবাসহ আবদুল কাদের, মো. আরিফ, সিয়াম হোসেন শান্ত ও মেহেদী হাওলাদার মঈনকে আটক করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাবারের হোটেলগুলোতে ও সহকারীদের কাছে মাদক বিক্রি করে আসছিল। কিছু হোটেলের মালিক ও ম্যানেজাররা খাবারের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। ট্রাকচালকরা এসব হোটেলে বিরতি নিয়ে থাকে। বিরতিকালে তারা মাদক গ্রহণ করে। মাদকসেবী চালকরা নেশাগ্রস্ত অবস্থায় রাতে গাড়ি চালায়। এতে সম্প্রতি মহাসড়কে দুর্ঘটনা বেড়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব অভিযান পরিচালনা করে বিক্রিকালে মাদকসহ চার ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।
অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘খাবারের হোটেলে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

