কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বসতঘরে ডাকাতিকালে ছুরিকাহত যুবক শাহাদত আনোয়ার শিবলী প্রকাশ বাবু (২৬) জীবনের ঝুঁকি নিয়ে এক ডাকাতকে ধরে ফেলেছেন। গুরুতর আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে এবং ধৃত ডাকাতকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
শক্রবার ভোররাত পৌনে ৪টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবক উক্ত এলাকার আব্দুল মালেকের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বসতঘরের দ্বিতীয় তলার দরজার তালা ভাঙার শব্দে বাবুর ঘুম ভাঙে। তিনি দেখতে পান ঘরে ডাকাতদল হানা দিয়েছে। সাহসী বাবু ডাকাত ডাকাত চিৎকারে এগিয়ে গেলে এক ডাকাত তার বুক লক্ষ্য করে ছুরিকাঘাত করে। তিনি হাতে তা প্রতিহত করেন এবং এক ডাকাতকে জাপটে ধরে ফেললে অন্য ডাকাতেরা পালিয়ে যায়। এতে তার ডান হাতে গুরুতর জখম হয়।
আহতের চাচা সরওয়ার জানান, পালিয়ে যাওয়া ডাকাত দল আহতের মোবাইল ফোন, হাতের আংটি ও অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে যায়।
প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, তিনি আহত যুবকের চাচা সরওয়ারের ফোনে ডাকাতির সংবাদ পেয়ে লোকজন নিয়ে এগিয়ে আসেন। পরে অবস্থা বেগতিক দেখে তার গাড়ি দিয়ে আহত যুবককে হাসপাতালে পাঠান এবং থানার ওসির সঙ্গে কথা বলে ওই ডাকাতকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম সিফাতুল মাজদার ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত পরিচয় পরে জানাবেন বলে জানান।
স্থানীয়রা ক্ষোভের সঙ্গে জানান, ডাকাত ধরার পরপর ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চাইলে থানার পুলিশ ঘটনাস্থলে না এসে ফোনে ডাকাতকে চিকিৎসা দিতে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে উত্তেজিত জনতার দাবিতে অনেকক্ষণ পর ঘটনাস্থালে পৌঁছেও একই কথা বললে জনতা ফের উত্তেজিত হয়ে ওঠে। পরে স্থানীয় দুই যুবকের সহায়তায় ডাকাতকে পুলিশ রামু হাসপাতালে নিয়ে যায় এবং পরে থানা হেফাজতে নিয়ে আসে।
প্রসঙ্গত, বিগত দুই সপ্তাহে উপজেলাজুড়ে অর্ধডজন ডাকাতির ঘটনা ঘটতে থাকায় জনমনে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

