দখল হয়ে যাচ্ছে সওজের জায়গা, নির্মিত হচ্ছে মার্কেট

সেলিম উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম)

দখল হয়ে যাচ্ছে সওজের জায়গা, নির্মিত হচ্ছে মার্কেট
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিতে কোয়ার্টার দখল করে মার্কেট নির্মাণ । আমার দেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখলের হিড়িক পড়েছে। ফলে কোটি কোটি টাকার জায়গা চলে যাচ্ছে অবৈধ দখলদারদের অধীনে। উপজেলার সড়কের বিভিন্ন অংশে সরকারি জমি দখল করে গড়ে উঠছে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা, দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। সড়ক ও জনপথ বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে আঁতাত করে সওজের জায়গা দখলের প্রতিযোগিতায় নেমেছে একশ্রেণির অসাধু সিন্ডিকেট। উপজেলার মিঠাদীঘির পাড় থেকে চুনতি সিটির গেট পর্যন্ত শতাধিক স্থানে স্টেশন, মার্কেট ও ভাসমান দোকান গড়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার মিঠাদীঘি, পদুয়া, আমিরাবাদ, লোহারদীঘির পাড়, আধুনগর খাঁ হাট, হাজির রাস্তা, চুনতি বাজার, ফরেস্ট অফিস ও ফোর সিজনের সামনে গড়ে উঠেছে অসংখ্য মার্কেট ও ভাসমান দোকানপাট।

বিজ্ঞাপন

সওজের সংশ্লিষ্ট সূত্র জানায়, লোহাগাড়া উপজেলার মিঠাদীঘির পাড় থেকে চুনতি সিটি গেট পর্যন্ত সড়কের দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার। সড়কের বিভিন্ন অংশে অধিগ্রহণ করা জমির প্রস্থ স্থানভেদে কম-বেশি। কোথাও সড়কের উভয় পাশে প্রায় ১০০ থেকে ১৫০ ফুট পর্যন্ত জায়গা অধিগ্রহণ করা রয়েছে। অধিগ্রহণের সময় জমির মালিকদের বিধি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ফলে অধিগ্রহণ করা জমি পরবর্তী সময়ে ব্যক্তিমালিকানার জমি হিসেবে দাবি করে দখল বা স্থাপনা নির্মাণের সুযোগ নেই।

লোহাগাড়ার ব্যবসায়ী ইসহাক বলেন, ‘এসব অবৈধ স্থাপনা রাতারাতি এক দিনে গড়ে ওঠেনি। সওজ বিভাগের দায়িত্বরত লোকজনের সামনেই সেগুলো গড়ে উঠেছে। মাঝেমধ্যে লোকদেখানো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও কিছুদিন পরেই আবার সেগুলো গড়ে ওঠে। এতে সড়কের পাশের জায়গা সংকুচিত হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা।’ চুনতি বাজার এলাকায় সওজের জায়গা দখলদার নাছির উদ্দীন বলেন, ‘সড়কের জায়গা খালি পড়ে আছে, তাই দোকান নির্মাণ করেছি। তারা যখন দরকার মনে করবে তখন ছেড়ে দেব।’

দক্ষিণ চট্টগ্রাম সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘সওজের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এরই মধ্যে জায়গা দখলকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। খুব দ্রুতই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন