আগুন সন্ত্রাস ও নৈরাজ্য করলে ছাড় দেওয়া হবে না: পরিবেশমন্ত্রী

আগুন সন্ত্রাস ও নৈরাজ্য করলে ছাড় দেওয়া হবে না: পরিবেশমন্ত্রী

লগি-বৈঠার তাণ্ডব, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে পরিবার, সমাজ ও দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

বিজ্ঞাপন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, গুপ্ত হামলা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য করে আইন-সংখলার অবনতি ঘটানো যাবে না। রাষ্ট্রীয় আইন মান্য করুন, তা না হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফেনীর সোনাগাজী পৌর শহরে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী বলেন, আমি নেতা-কর্মীদের বলব, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করবে, তাদের ধরে আইনের হাতে তুলে দিন। প্রশাসনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল হক শিমুল, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা নুরুল আফসার তৌহিদ, সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা আলমগীর হোসেন, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্যসচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা যুবদলের সদস্যসচিব নাঈমুল্লা চৌধুরী বরাত, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব রাসেল হামিদী, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, স্থানীয় সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন