ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি খাওয়া কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আনন্দ (৩০) নামে এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আনন্দ ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার বিষ্ণুর ছেলে। ঘটনার সাথে অভিযুক্ত প্রতিবেশি শ্রীরাম (৩০) ও তার এক সহযোগী জড়িত বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভুক্তভোগীর বাড়িতে ধর্মীয় কীর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খিচুড়ি বিতরণ ও খাওয়া নিয়ে অভিযুক্ত শ্রীরামের সাথে আনন্দের তর্কাতর্কি ও বিবাদ হয়। বিষয়টি মীমাংসার জন্য শনিবার বিকেলে স্থানীয়ভাবে এক সালিশ বৈঠক বসার কথা ছিল। তবে সালিশের আগেই বিকেল বেলা একটি মোটরসাইকেলে করে শ্রীরাম ও তার এক সহযোগী এসে আনন্দকে লক্ষ্য করে অতর্কিত তিন রাউন্ড গুলি ছোঁড়ে। এর মধ্যে দুটি গুলি আনন্দের শরীরে বিদ্ধ হয়। ঘটনার পরপরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং স্থানীয়রা আহত আনন্দকে ঢামেকে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান জানান, কীর্তনের খিচুড়ি বিতরণ নিয়ে তাদের মধ্যে বিবাদ হয়েছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসার কথা থাকলেও তার আগেই মোটরসাইকেলে এসে অভিযুক্তরা আনন্দকে লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত যুবক বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, খাবারের বিবাদ কেন্দ্র করে সালিশ বসার কথা থাকলেও তার আগেই এ গুলির ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

