সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার কাঠগড়া এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় হামিম গ্রুপ ও শারমিন গ্রুপসহ ৫০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এসব কারখানার শ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিছিল ও বিক্ষোভ করলে পরিস্থিতি সামাল দিতে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।
এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১১টি তৈরি পোশাক কারখানা। অন্যদিকে সাভার থানা এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্বাভাবিক রয়েছে। বেশির ভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

