আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদা না দেয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

চাঁদা না দেয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার শহরে চাঁদা না দেয়ায় গনেশ পাল নামে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের বিজিবি ক্যাম্প পল্লানকাটা এলাকায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়।

নিহত গণেশ পাল (৪০) ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী নেপালী পাল সাংবাদিকদের জানান, তাদের বাসায় একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। শুক্রবার রাতে জিদান নামে এক ব্যক্তি গণেশ পালের দোকানে গিয়ে চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করলে শনিবার দুপুরে জিদান ও তার এক সহযোগী তাদের বাড়িতে এসে হামলা চালায়। নেপালীর মতে, তার চোখের সামনেই জিদান ও তার সহযোগী গণেশ পালের ওপর ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত জিদানের বাড়িও শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পল্লন কাটা এলাকায়। তিনি রাজমিস্ত্রি জাকির হোসেনের ছেলে।

নিহত গণেশের চাচাতো ভাই বাপ্পী পাল বলেন, হঠাৎ করে খবর পাই, গণেশকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমার জেঠাতো ভাই গণেশ মারা গেছেন।

তিনি জানান, তার বুকের বামপাশে ছুরিকাঘাত করা হয়েছে। তার ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান।

এদিকে ঘটনার বিষয়ে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিঠু বলেন, এই ধরনের মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের কঠোরভাবে দমন করা না গেলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

তিনি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন জানান, বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলাকালে টাকা দাবি করা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে গণেশ পাল নিহত হন।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...