কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেছেন, গত নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন । দল মত নির্বিশেষে সবাই আমাকে এমপি বানিয়েছেন । আমি যদি বেঁচে থাকি বিএনপির প্রতিটি কর্মীর ঋণ পরিশোধ করব । আপনাদের সবাইকে যার যার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে ।
কুমিল্লা বুড়িচং উপজেলা ও পৌরসভায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা বিএনপি।
এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার হতাশার মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। র্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মাদক কারবারিদের হুঁঁশিয়ারি দিয়ে এমপি জসিম বলেন, বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারীদের কোনো ঠাঁই হবে না । মাদক ব্যবসায়ীরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের মূল উপড়ে ফেলা হবে । ইতিমধ্যেই অনেক মাদক কারবারের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে ।
এসময় কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে বিএনপি নিবেদিতভাবে কাজ করেছে। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলের নেতাকর্মীদের অবদানের কথাও তিনি তুলে ধরেন।
এমপি জসিম উদ্দিন বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির, সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক সবুজ চেয়ারম্যান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

