পটিয়ায় ২৪ ঘণ্টায় ২২ জন হাসপাতালে ভর্তি, অনেকের মধ্যে হামের লক্ষণ

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়ায় ২৪ ঘণ্টায় ২২ জন হাসপাতালে ভর্তি, অনেকের মধ্যে হামের লক্ষণ
ছবি: আমার দেশ

চট্টগ্রামের পটিয়ার একমাত্র সরকারি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়েছে। সিট না পেয়ে অনেকেই সিঁড়িতেও চিকিৎসা নিচ্ছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে জ্বর নিয়ে আসা রোগীর সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় এখানে ২২ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে পাঁচজন জ্বর নিয়ে ভর্তি হয়েছে। সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া রোগী বাড়ার অন্যতম কারণ হিসেবে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ এপ্রিল) রাত ১১টা পর্যন্ত ২২৭ জন রোগী জরুরি বিভাগ থেকে সেবা নিয়েছে। এদের মধ্যে অনেকে চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে। যাদের ভর্তি করানো প্রয়োজন, তাদের ভর্তি করা হচ্ছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার রাতে হাসপাতালের সিঁড়িতেও রোগী রেখে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

রোগীদের অভিযোগ, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে রোগীদের ভর্তি করানো কঠিন হয়ে পড়েছে। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালে এর বেশি রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না। এ কারণে অতিরিক্ত খরচে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকেই।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেকুল ইসলাম জানান, তিনি যতক্ষণ জরুরি বিভাগে দায়িত্ব পালন করছেন, তার মধ্যে আসা রোগীদের ৫০-৬০ শতাংশই শিশু এবং জ্বর নিয়ে আসা। এদের মধ্যে বেশ কিছু শিশুকে ভর্তি দেওয়া হয়েছে। তবে বেশির ভাগ রোগীর অবস্থা ভালো হওয়ায় তারা জরুরি বিভাগ থেকেই চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন।

এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, অতিরিক্ত রোগীর কারণে সিঁড়িতেও চিকিৎসা দিতে হচ্ছে। অনেক রোগী শিগ্‌গিরই ছাড়পত্র পাবে, তাদের জায়গায় নতুন রোগীদের সিট দেওয়া হবে। গত ২৪ ঘণ্টায় ২২ জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে পাঁচজন জ্বর নিয়ে ভর্তি। যাদের মধ্যে হামের লক্ষণ দেখা যাচ্ছে, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এছাড়া হামের জন্য আলাদা কর্নার চালু করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন