চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী সন্ত্রাস, চাঁদাবাজি ও জায়গা দখলসহ নানান অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির শতাধিক নেতাকর্মী।
রোববার বিকেল ৫টায় বড়দারগাহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বড়দারোগারহাট এলাকায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। ৫ আগস্ট সরকার পতনের পর সন্ত্রাসী বাহিনীর গডফাদারসহ দুর্ধর্ষ সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও তাদের বাহিনীর অনেক সন্ত্রাসী এখনও এলাকার বিভিন্ন মহলের ও ব্যক্তির ছত্র-ছায়ায় অবস্থান করছে। তাছাড়া এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাও বহাল তবিয়তে চলাফেরা করছে। তারা এলাকায় সন্ত্রাস, জায়গা দখল ও চাঁদাবাজিসহ নানান অপকর্মে এখনও করে যাচ্ছে। তাদের এসব অপকর্মের কারণে এলাকায় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে বিএনপিসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী বড়দারোগারহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করে।
বারৈয়াঢালা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মান্নান আমার দেশকে বলেন, বারৈয়াঢালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ ভূঁইয়া, আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ, আশরাফ, ছাত্রলীগ নেতা শরীফসহ অসংখ্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও দুর্ধর্ষ সন্ত্রাসীরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তাদের বাড়িতে অবস্থান করলেও পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
অপরদিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন আমার দেশকে বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী থেকে শুরু করে দুর্ধর্ষ সন্ত্রাসীরা এলাকায় অবস্থান করে চাঁদাবাজিসহ নানান অপকর্ম করে যাচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো বিএনপির নিরীহ নেতাকর্মীদের হত্যা মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের অপকর্মের কারণে এলাকায় আমাদের দলের বদনাম হচ্ছে। এদের অপকর্মের বিষয়ে তিনি পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন বলেও জানান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান আমার দেশকে বলেন, চাঁদাবাজিসহ অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

