খাগড়াছড়ির নিহত তিনজনের পরিচয় সনাক্ত

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির নিহত তিনজনের পরিচয় সনাক্ত

খাগড়াছড়ির গুইমারায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।

রোববার গুলিতে নিহত তিন জনই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হাফছড়ি ইউনিয়নের আথ্রাউ মারমা (২৪), লিচুবাগান এলাকার আথুইপ্রু মারমা (২৬) ও বটতলাপাড়ার থোয়াইচিং মারমা (২৪)।

পুলিশ জানিয়েছে, নিহতদের ময়না তদন্ত চলছে। ময়না তদন্ত শেষ হওয়ার পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

এছাড়া দুপুরে খাগড়াছড়ির পরিস্থিতি পর্যালোচনা করতে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে স্থানীয় পাহাড়ি ও বাঙালীদের বিভিন্ন সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষ আলোচনা করেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুরে জানিয়েছেন, খাগড়াছড়ির পরিস্থিতির সন্তোষজনক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি তদারক করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন।

এদিকে খাগড়াছড়ি ও গুইমারায় প্রশাসনের আহুত ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি বিজিবি, পুলিশ মাঠে রয়েছে।

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, উদ্ভুত অবস্থা ক্রমেই উন্নতির দিকে। আজ কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সময়মতো ১৪৪ ধারাও তুলে নেয়া হবে।

বিজিবি‘র খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম বলেন, খাগড়াছড়ি ও গুইমারায় আইন শৃংখলা পরিস্থিতি উত্তরণে বিজিবি বেসামরিক প্রশাসনের সাথে নিরলসভাবে কাজ করছে। উদ্ভুত অবস্থা যাতে অবনতি না ঘটে সেজন্য ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। দ্রুত পদক্ষেপের কারণে কেউ বড় ধরণের নাশকতার সুযোগ পায়নি। সেনাবাহিনী, অন্যান্য বাহিনীর সদস্য ও প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...