আদালতের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পালানোর সময় আসামি আটক

আদালতের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পালানোর সময় আসামি আটক

নোয়াখালীতে হত্যা মামলার এক আসামি আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পালানোর চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ শুনানি শেষে এ ঘটনা ঘটে।

পালানোর চেষ্টা করা আসামির নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাবুল হোসেনের ছেলে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে শাহাদাত তার পাঁচ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণ করে হত্যা করে। এরপর লাশ বস্তায় ভরে ফেলে দেয়। এ ঘটনায় চাটখিল থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

মঙ্গলবার সকালে কারাগার থেকে হাজিরার জন্য তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ যখন তাকে হাজতে নেয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তিনি আদালতের দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। কিছুদূর এগোলেও স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আবারও আটক করে।

এ বিষয়ে নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম বলেন, ‘আসামি হাতকড়াসহ পালানোর চেষ্টা করেছিল। তবে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করেছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন