সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
ছবি: আমার দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান চৌধুরী জেবিন (২৫) নামে এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল বেলা সাড়ে ১১টায় উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের শহীদ মিনার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেবিন সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামারা চৌধুরীবাড়ির বাসিন্দা এবং মৃত জসিমুর রহমান চৌধুরীর ছেলে। তিনি স্ক্র্যাপ (পুরাতন জাহাজের পাইপ) ও টেলিকম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা দেন জেবিন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ভাটিয়ারি শহীদ মিনার এলাকা অতিক্রমকালে একটি লরিকে ওভারটেক করার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে লরির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজন কামরুল চৌধুরী জানান, জেবিন প্রতিদিন মোটরসাইকেল বা প্রাইভেট কারে করে তার ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত করতেন। দুর্ঘটনার দিন বৃষ্টির মধ্যেই মোটরসাইকেলে রওনা হয়ে পথে প্রাণ হারান তিনি।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফজলুল হক আমার দেশকে বলেন, ঘোড়ামারা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফৌজদারহাট পাক্কার মাথা এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে ভাটিয়ারি এলাকায় লরিকে ওভারটেক করার সময় আরেকটি ৮ নাম্বার বাস লরিটিকে ওভারটেক করতে ছিল। তিনি দুই গাড়ির মাঝখানে পড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় লরির পেছনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ঘাতক লরিটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির লরি ও বেপরোয়া যান চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা ঘাতক চালককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন