এমপির গাড়ি আটকে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি

এমপির গাড়ি আটকে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

কুমিল্লা জেলার শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে সংসদ সদস্য হাজি জসিম উদ্দিনের গাড়ি আটকে রেখে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকেরা। এ সময় দুই ঘণ্টা আটকে ছিল এমপির গাড়ি। পরে এমপি আশ্বাস দিলে বিক্ষোভ ধর্মঘট প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধ শ্রমিকেরা ।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভ চলাকালে চালকেরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় দুই ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষুব্ধ চালকদের দাবি, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা চাঁদা আদায় করা হয়। অথচ ১২০ টাকা নেওয়া হলেও রসিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চালক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে। বহুবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে আমরা সড়কে নেমেছি।’

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাৎক্ষণিকভাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ফোনে বিষয়টি জানান।

মন্ত্রী আশ্বাস দেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চালকদের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় এমপি জসিম উদ্দিন বলেন, ‘সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

বুড়িচং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাশেম মিয়াজী আমার দেশকে বলেন, ইজারাদারের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে । তারা বলেছে নির্ধারিত টাকার বেশি জিবি আদায় করবে না । আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সড়কে ‘জিবি’ নামে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। অন্যদিকে যাত্রীদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করেন। দ্রুত অতিরিক্ত ভাড়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন