সীতাকুণ্ডে আ. লীগের ঝটিকা মিছিল, ৭২ জনের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে আ. লীগের ঝটিকা মিছিল, ৭২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে ডিসি পার্ক সংলগ্ন এলাকায় ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও গুলির অভিযোগে ৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে দক্ষিণ সলিমপুর এলাকায় ডিসি পার্কের সামনে বন্দরগামী সড়কে একদল ব্যক্তি আকস্মিক মিছিল বের করে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। মিছিল চলাকালে তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় ভীতি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন।

এজাহারে বলা হয়েছে, মিছিলের একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এতে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

মামলার বাদী ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ধনতোষ চাকমা বলেন, ঘটনাস্থলে পৌঁছে আমরা বিস্ফোরিত ককটেলের আলামত, পাঁচটি কার্তুজের খোসা এবং ১৫টি কাঠের লাঠি উদ্ধার করি। মিছিলকারীরা নাশকতার উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। পুলিশ ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক অভিযানে তিনজনকে আটক করা সম্ভব হয়েছে।

শনিবার রাতে তিনি বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৩৭ জনকে এজাহারভুক্ত এবং আরও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন— ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ আশরাফ, বাঁশখালীর সাইফুদ্দিন শিকদার পারভেজ এবং ফটিকছড়ি উপজেলার আশরাফুল ইসলাম।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন আমার দেশকে বলেন, পুলিশ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ এবং ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...