চট্টগ্রামের লোহাগাড়ায় ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্সকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল (বৃহস্পতিবার) রাত ১২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে লোহাগাড়া থানায় নিয়ে যান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ৫ মিনিট ১৮ সেকেন্ডের লাইভ ভিডিওতে দেখা যায়, স্থানীয় জনতা ফেনসিডিলসহ তিন পুলিশ সোর্স রমিজ, তাজরুল ও গাড়িচালক নাজিমকে আটক করেছেন। আটককৃত সোর্স রমিজ ভিডিওতে জানান, লোহাগাড়া থানার এসআই কামাল উদ্দিন তাকে ফোন করে থানার সামনের একটি ভবন থেকে ফেনসিডিল নিয়ে বান্দরবান জেলার আজিজনগর এলাকায় পৌঁছে দিতে বলেন। ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে চুনতি বাজার এলাকায় মাদকবোঝাই প্রাইভেট কারটি আটক করে জনতা।
আটককৃতরা হলেন— উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকার মৃত হাছি মিয়ার ছেলে রমিজ, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকার মৃত শহীদ উল্লাহর ছেলে তাজুল ইসলাম এবং লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত হাজি আবুল হোসেনের ছেলে নাজিম উদ্দীন।
স্থানীয়রা জানান, চুনতি জাঙ্গালিয়া বন রেঞ্জের কার্যালয়ের সামনে লোহাগাড়া থানার মাদকদ্রব্য উদ্ধারে নিয়মিত চেকপোস্টে রমিজ ও তাজরুল দীর্ঘদিন ধরে পুলিশকে সহায়তা করে আসছিলেন। স্থানীয়দের প্রশ্ন, মাদক কারবারি হয়েও তারা কীভাবে পুলিশের সঙ্গে মাদক উদ্ধারে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন?
এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম খান জানান, লোহাগাড়া সেনা ক্যাম্পের একটি দল তাদের তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, এসআই কামাল উদ্দিনের বিষয়ে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

