জাল চেকের মাধ্যমে ৪ কোটি টাকা উত্তোলনের সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে গাজীপুুরের টঙ্গী কলেজ গেটে ইসলামী ব্যাংক শাখায় এ ঘটনাটি ঘটে।
ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন দুপুর আড়াইটার দিকে একটি প্রতারক চক্র ব্যাংকে প্রবেশ করে। তারা ‘এ আর এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের ৪ কোটি টাকার চেক দিয়ে (হিসাব নং- ২০৫০৪৩৫০১০০০৪২৫১০) দ্রুত ফান্ড ট্রান্সফার করার জন্য ব্যাংক কর্মকর্তাদের চাপ দিতে থাকে।
বিষয়টি ব্যাংকের ম্যানেজার (অপারেশন) বোরহান উদ্দিন আহমেদের সন্দেহ হয়। তিনি টাকার উৎস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করলে চক্রের সদস্যরা কোনো সঠিক উত্তর দিতে পারেনি।
চেকে উল্লেখিত মূল অ্যাকাউন্টধারী পল্টন শাখার গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে ব্যাংক ম্যানেজার। মূল হিসাবধারী রাশেদুল ইসলাম চৌধুরী জানান, তিনি কাউকে ৪ কোটি টাকার কোনো চেক দেননি এবং তার স্বাক্ষর জাল করা হয়েছে। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলাম চক্রের সদস্য মাসুদ চৌধুরীকে আটকে রাখেন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাসুদ চৌধুরীকে আটক করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

