বন্যা পরিস্থিতির কারণে মাঝপথে স্থগিত হওয়া ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা দ্রুত শুরু এবং প্রতিটি বিষয়ের পরীক্ষার মধ্যে যৌক্তিক বিরতি রেখে নতুন রুটিনের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
রোববার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কয়েকজন পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গিয়ে চেয়ারম্যানের কাছে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে পরীক্ষার্থীরা বলেন, স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা দ্রুত শুরু করার পাশাপাশি এমনভাবে নতুন রুটিন প্রণয়ন করতে হবে, যাতে প্রতিটি বিষয়ের পরীক্ষার মধ্যে পর্যাপ্ত প্রস্তুতির জন্য যৌক্তিক বিরতি থাকে। এতে শিক্ষার্থীরা মানসিক চাপ কমিয়ে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, কয়েকটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা তাঁদের দাবি সংবলিত চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দিয়েছে।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

