চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সুমিত চৌধুরী (৩১) সাতকানিয়ার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণের ভিত্তিতে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে গোসাইলডাঙ্গার সাসটেইন টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে কুমকুম চৌধুরীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার দিন নিহতের বড় ছেলে সোমনাথ চৌধুরী প্রকাশ সুজন বাইরে থেকে বাসায় ফিরে দীর্ঘ সময় দরজায় ধাক্কা দেন। একপর্যায়ে সুমিত দরজা খুলে দিলে সুজন বেডরুমের বিছানায় তার মাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় সুমিতের ঘাড়েও রক্তাক্ত জখম ছিল।
পরে সুমিত তার ভাইকে জানান, মাকে হত্যার পর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে নিজ ঘাড়ে দা দিয়ে আঘাত করেছেন। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০১৭ সালের ২৩ জুলাই আদালত সুমিতের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

