জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দীন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দীন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার রাতে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে তিনি দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং সহযোগী সদস্য ফরম পূরণ করেন। তিনি ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী চাঁদপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন।

মতলব পৌরসভার সেক্রেটারি মো. কবির হোসেন দেওয়ান ও যুব বিভাগের সেক্রেটারি মো. ইদ্রিস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ ওসমানী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুর রশীদ পাটওয়ারী, পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান, সেক্রেটারি দেওয়ান কবির হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি রেদওয়ান আহমেদ জাকির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফ পাটওয়ারী।

বক্তারা বলেন, দেশ ও সমাজ গঠনে আদর্শিক ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীনের এই যোগদান স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

নবযোগদানকারী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান বলেন, “আল্লাহর আইন ও কোরআন-সুন্নাহর ভিত্তিতে এই দেশ ও রাষ্ট্র পরিচালিত হোক—এই প্রত্যাশা থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

আমি আগে কোনো রাজনৈতিক দলে ছিলাম না। জীবনে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিলাম না। ভবিষ্যতে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করতে চাই।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন