লয়ার্স কাউন্সিল মহিলা উইংয়ের সমাবেশ

মানবাধিকার সুরক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

মানবাধিকার সুরক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা এবং স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের মহিলা উইংয়ের উদ্যোগে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশনের চিত্রা তিতাস হলে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও কাউন্সিলের উপদেষ্টা নূরুন্নিসা সিদ্দিকা এমপি। তিনি পবিত্র কোরআনের আলোকে ইনসাফ ও সুবিচারের গুরুত্ব তুলে ধরে আইনজীবীদের সততা, আল্লাহভীতি ও নৈতিক দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলের মহিলা উইংয়ের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এমপি বিচারব্যবস্থায় দুর্নীতি ও দলীয়করণ রোধ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, মামলাজট নিরসন এবং সাধারণ মানুষের সহজে বিচারপ্রাপ্তির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইন পেশাকে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করে ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি আইনের যথাযথ প্রয়োগ, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আইনজীবীদের বলিষ্ঠ অবস্থান এবং নারী আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তাসনিম রানা। তিনি আইনজীবীদের পেশাগত দায়িত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

সংগঠনের ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা সুফিয়া জামাল পবিত্র কোরআনের সূরা আন-নিসার ১৩৫ নম্বর আয়াতের আলোকে সত্য ও ন্যায়ের পক্ষে নিরপেক্ষ অবস্থান গ্রহণ এবং সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে লয়ার্স কাউন্সিল মহিলা উইংয়ের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. জান্নাত আরা শেলী উপমহাদেশের মুসলিম শাসন ও ব্রিটিশ ঔপনিবেশিক আইনব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ইসলামী ন্যায়বিচারের আদর্শ অনুসরণের গুরুত্ব আলোচনা করেন।

উদ্বোধনী বক্তব্য দেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবা আক্তার। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা, মানবাধিকার সুরক্ষা, নারী-পুরুষের সমতা এবং আইনজীবীদের পেশাগত সততা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

লয়ার্স কাউন্সিল মহিলা উইংয়ের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি নাজমুন নাহার নির্যাতিত নারী ও শিশুদের পাশে দাঁড়ানো, মানবাধিকার রক্ষা এবং আইন পেশাকে মানবসেবার মাধ্যম হিসেবে গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে অ্যাডভোকেট শামীমা সুলতানা শিরিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরপর শিশুশিল্পী জায়মা নূর হামদ ও নাত পরিবেশন করেন। বিশেষ কবিতা আবৃত্তি করেন অ্যাডভোকেট সানজিদা তুহিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হোসনে আরা ও অ্যাডভোকেট রাণী চৌধুরী।

সমাবেশে বক্তারা একটি স্বাধীন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাপনী বক্তব্য দেন লয়ার্স কাউন্সিল মহিলা উইংয়ের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়া। তিনি বলেন, “ন্যায়বিচার হোক প্রতিটি মানুষের অধিকার, আইনের শাসন হোক রাষ্ট্র পরিচালনার ভিত্তি এবং মানবাধিকার সুরক্ষা হোক প্রতিটি আইনজীবীর অঙ্গীকার।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...