চাঁদপুরে সড়ক ও জনপথের হাজীগঞ্জ উপ-বিভাগের গাড়িচালক মানিকের বিরুদ্ধে সরকারি ইট চুরি করে নিজের বাড়ি এবং দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের গাড়িচালক মানিকের বাড়ির সামনে সরকারি গাড়িতে করে সরকারি প্রকল্পের ইট নামাতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর দেননি। পরে তিনি বিষয়টি সেখানেই ম্যানেজ করার চেষ্টা করেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মানিক সরকারি বিভিন্ন প্রকল্পের ইট চুরি করে এনে নিজের বাড়ি তৈরি করেন। সম্প্রতি চুরির ইট দিয়ে বাড়ির দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।
রোববার সরেজমিন দেখা যায়, মানিক সড়ক ও জনপদের একটি ট্রাক দিয়ে ইটগুলো তার বসতবাড়ির সামনে আনলোড করছে।
এ সময় সরকারি প্রকল্পের ইটের কথা স্বীকার করে মানিক বলেন, আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। তিনি বিষয়টি পত্রিকায় না লিখার অনুরোধ করে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ হাজীগঞ্জ উপবিভাগের সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, তিনি আমাকে বলেছেন তার বাড়ির কাজে কিছু ইট লাগবে। তাই আমি বলেছি দোয়াভাঙ্গার একটা কাজ শেষে যদি থাকে তাহলে নিতে। কিন্তু তা সংখ্যায় অল্প। নিয়েছে কিনা তা জানি না।
সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা জানতে চাইলে বলেন, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। এটা সে ঠিক করেনি।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আলিউল হোসেন বলেন, হাজীগঞ্জের দায়িত্ব যিনি আছেন তার সাথে কথা বলেন। আমি কিছু বলতে পারবো না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

