সাজ্জাদের একসময়ের সহযোগী সাজ্জাদ বাহিনীর হাতেই গুলিবিদ্ধ

সাজ্জাদের একসময়ের সহযোগী সাজ্জাদ বাহিনীর হাতেই গুলিবিদ্ধ

চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত নাম ইমতিয়াজ সুলতান ইকরাম নগরের পাঁচলাইশ এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একসময় সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ ওরফে সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় শিক্ষা বোর্ডের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইকরামের স্ত্রী সূচির অভিযোগ, বড় সাজ্জাদের অনুসারীরাই তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন।

ঘটনাটি চট্টগ্রামের অপরাধজগতের পুরোনো বিরোধ, আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পারস্পরিক সংঘাতের বিষয়টি নতুন করে সামনে এনেছে। তবে এই গুলির ঘটনায় বড় সাজ্জাদের সরাসরি কোনো নির্দেশনা বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা এখনো তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ ‘একরামুল হক’ নামেও পরিচিত। তার বাড়ি নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায়। বাবার নাম মো. ইসহাক মিয়া। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে থাকার পর তিনি দেশে ফেরেন। ২০২৪ সালের জুনে পাঁচলাইশ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তখন পুলিশ জানিয়েছিল, তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল। সম্প্রতি তিনি জেল থেকে মুক্তি পান।

বড় সাজ্জাদের সঙ্গে ইকরামের নাম মূলত অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের সূত্রে আলোচনায় আসে। র‍্যাবের বক্তব্য অনুযায়ী, তিনি একসময় বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার তথ্য রয়েছে। ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন নয়াহাট এলাকায় এক ব্যবসায়ীর বাসায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় করা মামলার অভিযোগপত্রেও তার নাম ছিল। ওই মামলায় বড় সাজ্জাদসহ আরো কয়েকজন আসামি ছিলেন। অভিযোগ ছিল, ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬টি গুলি উদ্ধার করা হয় বলে জানানো হয়। তার সঙ্গে আবুল কালাম আজাদ নামে অপর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ইকরাম চট্টগ্রামের অপরাধজগতের পরিচিত মুখ এবং একসময় ‘রিচ কিডস’ নামক একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন। তবে ইকরামের পরিবারের দাবি, তিনি একজন ব্যবসায়ী এবং ষড়যন্ত্র করে অস্ত্র দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।

ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তা

ইকরামের জীবনের মোড় ঘুরে যায় ২০২৫ সালের মার্চে। ওই বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই গ্রেপ্তারে ইকরাম ও তার স্ত্রী রুমা আক্তার স্মৃতি পুলিশকে সহায়তা করেছিলেন।

এর পাঁচ দিন পর, ২০ মার্চ রুমা আক্তার স্মৃতি পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে মামলা করেন। তাদের অভিযোগ ছিল, ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তা করায় বড় সাজ্জাদ ও তার অনুসারীরা হুমকি দিচ্ছেন। তখন তাদের বাসায় পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়েছিল। অর্থাৎ, একসময় বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত ইকরাম পরবর্তী সময়ে তার বিরোধী অবস্থানে চলে যান।

কে এই বড় সাজ্জাদ

সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ চট্টগ্রামের অপরাধজগতের দীর্ঘদিনের আলোচিত নাম। তার বাড়ি নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায়। বাবার নাম আবদুল গণি কন্ট্রাক্টর। নব্বইয়ের দশকের শেষ দিকে চট্টগ্রামের অপরাধজগতে তার নাম আলোচনায় আসে।

১৯৯৯ সালের ২ জুন পাঁচলাইশ ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর লিয়াকত আলী খান হত্যাকাণ্ডে তার নাম উঠে আসে। সংবাদমাধ্যমের পুরোনো প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালের ১ অক্টোবর তাকে একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি দেশের বাইরে অবস্থান করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং বিদেশে থেকেও চট্টগ্রামের অপরাধজগতের একটি অংশ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

বায়েজিদ, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় তার অনুসারীদের তৎপরতার অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। নুরুন্নবী ম্যাক্সন, সরোয়ার হোসেন বাবলাসহ অপরাধজগতের আরও কয়েকজনের সঙ্গে তার যোগাযোগের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। অন্যদিকে, ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর বড় সাজ্জাদের অনুসারীদের মধ্যে রায়হান ও মোবারক হোসেন ইমনের নামও আলোচনায় আসে। তাদের বিরুদ্ধে বড় সাজ্জাদের হয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

ফরেস্ট গেট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ইকরামের স্ত্রী সূচি সরাসরি বড় সাজ্জাদের অনুসারীদের দায়ী করেছেন। তার অভিযোগ, পূর্বের বিরোধের জের ধরেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলাকারীদের পরিচয়, হামলার পরিকল্পনা এবং এর পেছনে কারা রয়েছেন, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন