আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাম্পগুলোকে তথ্য প্রদর্শনের নির্দেশ বিপিসির

চট্টগ্রাম ব্যুরো

পাম্পগুলোকে তথ্য প্রদর্শনের নির্দেশ বিপিসির

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে। একইসাথে সারাদেশের পেট্রোল পাম্পগুলোকে ২৪ ঘণ্টা জ্বালানি সংক্রান্ত তথ্য প্রদর্শনের নির্দেশনা দিয়েছে বিপিসি।

বিজ্ঞাপন

শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিসির নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিসমূহের মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কাজ চলমান রয়েছে। সেই প্রেক্ষিতে দেশব্যাপী ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি পণ্য সঠিকভাবে সরবরাহ কার্যক্রম নিশ্চিতকল্পে বিপিসি সময়সূচি ঠিক করেছে। যা বিপিসির অধীনস্থ কোম্পানিগুলোর প্রধান স্থাপনা/ডিপো থেকে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজ্য হবে। নির্ধারিত সময়ে পাম্পগুলো ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করবে এবং পাম্পের সামনে হোয়াইট বোর্ডে বিপিসির দেওয়া তালিকা আকারে তথ্য প্রদর্শন করতে হবে।

এতে জানানো হয়, বিপিসি’র প্রধান স্থাপনা/ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে প্রতিদিন সকাল ৭টায়। আর শেষ হবে বিকাল তিনটায়। মাস ভিত্তিক জ্বালানি পণ্য গ্রহণের তথ্য ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার, পাম্পগুলোতে দৃশ্যমান স্থানে ব্ল্যাক/হোয়াইট বোর্ডের মাধ্যমে প্রদর্শন করতে হবে। যেখানে চলতি মাসের গড় জ্বালানি প্রাপ্তির তথ্যের পাশাপাশি গত বছরের একই মাসের তথ্য ও বর্তমান প্রাপ্তি ও জ্বালানির নামসহ তথ্য উল্লেখ করতে হবে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ কর্মকর্তা) ফারজিন হাসান মৌমিতা জানান, ২৮ মার্চ থেকে পাম্প ও ডিলারদের এই নির্দেশনা পালন করতে বলা হয়েছে। বিপিস’র কর্মকর্তারা সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন