এক দশক পর নিজের মাতৃভূমি কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় স্বজনদের সাথে ঈদ পালন করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকাল ৯টায় পেকুয়া উপজেলা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি ঈদ পালনের উদ্দেশে গতকাল রোববার ঢাকা থেকে বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার রওনা হন। বিকেল সোয়া ৫টার দিকে কক্সবাজার বিমান বন্দর থেকে সরাসরি পেকুয়ার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এসময় তার সহধর্মিনী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ সাথে ছিলেন।
বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা ২০১৪ সালে সর্বশেষ কক্সবাজারে ঈদ করেছিলেন। ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে গুম হওয়ার পর দীর্ঘ ৯ বছর সালাহউদ্দিন আহমদ ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নির্বাসিত জীবন কাটিয়েছেন। এই সময়ে তিনি ভারতে অনুপ্রবেশের মিথ্যা মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেলেও নানা জটিলতায় দেশে ফিরতে পারেননি। ২০২৪ সালের ৫ আগস্টে গণআন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলে তিনি দেশে ফিরে আসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

