পতেঙ্গায় শিশু হত্যা, ৮ বছর পর আসামির মৃত্যুদণ্ড

পতেঙ্গায় শিশু হত্যা, ৮ বছর পর আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছর বয়সী শিশু সোহাগ হত্যা মামলায় ইমাম হোসেন ওরফে ইমন (২৮) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, শিশু সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার বাবার করা মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৮ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে পতেঙ্গার খালপাড় এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সোহাগ। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পূর্ব হোসেন আহমদ পাড়ার চেয়ারম্যান গলির একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সোহাগকে ওই পরিত্যক্ত ঘরে নিয়ে যান ইমন হোসেন। সেখানে শিশুটিকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়। এতে বাধা দিয়ে শিশুটি চিৎকার ও পালানোর চেষ্টা করলে ইট দিয়ে তার মাথা ও কপালে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। লাশের পাশে একটি রক্তমাখা ইট পাওয়া যায়।

সোহাগের বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সময় অভিযুক্তের বয়স ছিল ২০ বছর। পরে পাঁচ বছর বয়সী এক শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের আব্দুল করিমের ছেলে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন