মেঘনায় ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজ ডুবি

মেঘনায় ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজ ডুবি

চাঁদপুরের মেঘনা নদীতে ১৮ হাজার ৫শ বস্তা সিমেন্টসহ লাইটার জাহাজ ডুবে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার দোকান ঘর নামক স্থানে এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

বিজ্ঞাপন

খোজঁ নিয়ে জানা গেছে, আজ সকালে এমভি চাঁদতারা-০৮ নামক একটি জাহাজ নোঙররত অবস্থায় তীব্র স্রোতের প্রভাবে নোঙর ড্র্যাগিং করে এমভি জামান নামক অপর একটি জাহাজের উপর পড়ে। ফলে এমভি চাঁদতারা-০৮ জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি পুরোপুরি ডুবে যায়। উক্ত ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সকল নাবিক নিরাপদে রয়েছে।

চাঁদপুর নৌ পুলিশ সুপার আরো বলেন, জাহাজটির মাস্টারের ভুল ও অদক্ষতার কারণে এ ঘটনা ঘটে। জাহাজের মাস্টার তীব্র স্রোতের মধ্যে নোঙর ড্র্যাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশ্যে চালু করেন। এসময় অপর একটি জাহাজের উপর পড়ে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম জাহাজটিকে শনাক্ত করেছে।

জাহাজের সুপারস্ট্রাকচারের উপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে বলে জানা যায়। নিমজ্জিত জাহাজটি নৌ-চ্যানেলের বাইরে রয়েছে। এটিকে একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন