কুমিল্লা ডিসি অফিসের বারান্দাজুড়ে মোটরসাইকেল, সেবাগ্রহীতাদের ক্ষোভ

কুমিল্লা ডিসি অফিসের বারান্দাজুড়ে মোটরসাইকেল, সেবাগ্রহীতাদের ক্ষোভ
কুমিল্লায় ডিসির অফিসের বারান্দার দুপাশেই রাখা আছে সারি সারি মোটরসাইকেল।

কুমিল্লা ডিসি অফিসের বারান্দায় সারি সারি মোটরসাইকেল রাখায় সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি কয়েকটি দপ্তরের দরজার সামনেও মোটরসাইকেল রাখায় দরজা বন্ধ রাখতে হচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন দপ্তরের দরজার সামনে ও বারান্দাজুড়ে সারিবদ্ধভাবে রাখা আছে মোটরসাইকেল। আর এসব মোটরসাইকেল নিয়ে কয়েকজন সেবাগ্রহীতার প্রশ্ন, মোটরসাইকেলগুলো যদি ডিসি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হয়ে থাকে, তাদের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে না কেন?

সোমবার সকালে অফিসে প্রবেশের সময় মোটরসাইকেলের সারি দেখে গণমাধ্যমকর্মী জুয়েল রানা কয়েকটি ছবি তোলেন। এ সময় তিনি প্রশ্ন করেন, ‘এটা কি বাইকের শোরুম, নাকি জেলা প্রশাসকের কার্যালয়?’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দপ্তরে বিশেষ কাজে আসা হাবিবুর রহমান প্রথম তলায় মোটরসাইকেলের সারি দেখে আমার দেশকে বলেন, এ কেমন চিত্র জেলা প্রশাসকের কার্যালয়ের? পার্কিং কি জেলা প্রশাসকের কার্যালয়ে নেই? থাকলে এমন অবস্থা কেন? জেলা প্রশাসক মহোদয় বিষয়টি দেখবেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা তৌহিদুর রহমান বলেন, আমি তো ভেবেছি, হয়তো এখানে বাইক নিলামে বিক্রি করা হয়। পরে জানতে পারলাম, ডিসি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বারান্দায় বাইক রেখেছেন। কী কারণে রেখেছেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয় বলতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। যারা এখানে বাইক রেখেছেন, তাদের সতর্ক করে দেব, যেন ভবিষ্যতে এখানে বাইক না রাখেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন