থানচিতে পর্যটকবাহী নৌকাডুবি

সাঙ্গু নদীতে ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার; অভিযান অব্যাহত

সাঙ্গু নদীতে ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার; অভিযান অব্যাহত

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিখোঁজ এক পর্যটককে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

গতকাল (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের কারণে সাতজন আরোহীসহ একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ সময় রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে ৪ জন পর্যটক, নৌকার মাঝি ও ট্যুরিস্ট গাইডসহ মোট ছয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে একজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ পর্যটকের নাম মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) বলে জানা গেছে। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের মো. হেলাল উদ্দিন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।

ঘটনার পর থেকেই বিজিবির চারটি বিশেষ টহল দল সাঙ্গু নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড এবং স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে অভিযানে সম্পৃক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে তল্লাশি চালানো সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ডুবুরি দলটি পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন