ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে চট্টগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার সকালে শুরুতেই নগরীর রসুলবাগ আবাসিক এলাকার কবরস্থানে ‘জুলাই বিপ্লব’-এর প্রথম শহীদ শহীদুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে শহীদ মোহাম্মদ আলমের কবরেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। এছাড়া শহীদ পরিবারের সদস্য ও 'জুলাই বিপ্লব'-এর সৈনিকেরা উপস্থিত ছিলেন।
শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই অশ্রুসিক্ত নয়নে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন—"এই দেশ আর কখনো ফ্যাসিস্টদের হাতে যাবে না।" সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

